লোকসমাচার ডেস্ক:জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর সমস্যা সমাধানের প্রতি জোর দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। কাশ্মীর সমস্যার সমাধানে ভারতকে পাকিস্তানের সঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘ভারত কাশ্মীরিদের আক্রমণ করে জম্মু এবং কাশ্মীর দখল করেছে’।
শুক্রবারের (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে দেয়া ওই ভাষণে তিনি কাশ্মীর ইস্যুকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
তিনি বলেন, জম্মু-কাশ্মীরের বিষয়ে ভারত যে পদক্ষেপ নিয়েছে তার পেছনে হয়তো কোনো কারণ থাকতে পারে। তবে তারা যা করেছে সেটা মোটেও ঠিক নয়। এটা ভুল প্রক্রিয়া। তিনি বলেন, জাতিসংঘের আলাদা প্রস্তাবনা থাকার পরেও ভারত জম্মু ও কাশ্মীরে আক্রমণ চালিয়ে তা দখল করেছে।
এছাড়া, জাতিসংঘের সিদ্ধান্তকে উপেক্ষা করে ভারত জাতিসংঘের আইন অমান্য করেছে বলেও উল্লেখ করেন তিনি। মাহাথির মোহাম্মদ বলেন, ভারতের উচিত এই সমস্যা সমাধানে পাকিস্তানের সঙ্গে কাজ করা।
ওই ভাষণের পর জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে মাহাথির জানান, আক্রমণের বদলে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধান করতে হবে বলে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছেন।
তবে বরাবরই আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারত উপেক্ষা করে বলে আসছে যে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করুক এটা চায় না ভারত।






















