জাফরান আকন্দ:কিশোরগঞ্জের মিঠামইন থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা নৌ-ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, পাঁচটি মোবাইল ফোন এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন মিঠামইন থেকে করিমগঞ্জগামী একটি যাত্রীবাহী নৌকায় সংঘটিত ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে নামে মিঠামইন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠামইন এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন এহসানুল হক ফকির (২৬), জুলহাস উদ্দিন (৪৪) ও রুবেল মিয়া (৩১)। তাদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, পাঁচটি মোবাইল ফোন, রামদা, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ডাকাতির সময় ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, হাওরাঞ্চলে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হাওরাঞ্চলের মানুষের নিরাপত্তার স্বার্থে সকাল থেকে বিকেল ৫টার মধ্যে নৌপথে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে। কোথাও কোনো অপরাধ বা হামলার ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।






















